পেটের জ্বালায়
শফি আলম
শীতের ভয়ে খাদ্য নিয়ে পিঁপড়ে লুকায় গর্তে ,
মানুষ নামে ঠাণ্ডা জলে তখন মাছ ধরতে ।
টেংরা শিঙ্গির কাটার ঘায়ে ফুটো হয় পা হাত,
তবুও চায় মাছ বেচে যোগাড় করতে ভাত ।
ভাতের জ্বালা বড় জ্বালা জ্বলতে থাকে পেটে ,
ঠাণ্ডা গরম তুচ্ছ করে গরিব মরে খেটে ।
পেটের জ্বালায় পাগল মানুষ সপ্ত সাগর সেচে ,
কেউ বা আবার দেহ বাঁচায় দেহটাকেই বেচে ।
লেবাস ধরেও কেউ কেউ হারিয়ে বিবেক হুঁশ ,
" পেটের " জ্বালায় লজ্জা ভুলে খায় সুদ ঘুষ ।
এই " পেটটা " যে অনেক বড় মাপজোক নাই ,
এই " পেটটা " গিলতে পারে পুরো জগত্টাই ।
ধর্মকে কেউ বেসাত বানায় ওই পেটের জ্বালায় ,
পেটের ক্ষুধা চাগাল দিলে পাপ-চিন্তা পালায় ।
সব জ্বালা সওয়া যায় ওই পেটের জ্বালা বাদে ,
শিশু , যুবা , বুড়ো সবাই পেটের জ্বালায় কাঁদে ।
পেটের জ্বালা মেটে নাকো শুনে মহান বাণী ,
পেটের জ্বালা মেটায় শুধু খানা , দানা , পানি ।

একটি মন্তব্য পোস্ট করুন