স্পেনের আন্দালুসিয়ায় বসবাসকারী এক যুবকের নাম সান্তিয়াগো। বাবা মায়ের ইচ্ছা সে বড় হয়ে যাজক হবে কিন্তু সান্তিয়াগো চায় বিশ্ব ভ্রমণ করতে। মনোবাঞ্ছা পূরণ করতে একদিন সে ভেড়ার পাল নিয়ে বেড়িয়ে পড়ে। একরাতে সে গুপ্তধন নিয়ে অদ্ভুত একটা স্বপ্নে দেখে, জিপসি বুড়ির কাছে স্বপ্নের তদবির জানতে চাইলে বুড়ি তাকে মিশরের পিরামিডের কথা বলে। বুড়ি তাকে গুপ্তধনের সন্ধান পাইয়ে দেবে কিন্তু তার বিনিময়ে সে গুপ্তধনের ভাগ চায়।
বুড়ির কথা শুনে সান্তিয়াগোর মনেও আশা জাগে, কিন্তু কোথায় পাবে সেই গুপ্তধন? সত্যিই কি তার ভাগ্য তাকে গুপ্তধনের সন্ধান দিবে নাকি সবই মরিচীকা?
অবশেষে সে ঠিক করে গুপ্তধন খুঁজতে বের হবে, এরপরই তার দেখা হয় সলেমের বৃদ্ধ রাজার সাথে, যে তাকে দুইটি মূল্যবান পাথর উপহার দেয়। বৃদ্ধের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী সান্তিয়াগো বেরিয়ে পড়ে গুপ্তধনের খোঁজে।
শুরু হয় এক অনিশ্চিত যাত্রা, কখনো স্পেনের অদূরে কোনো শহরে, যেখানে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচয়। কখনো বা মরুভূমিতে যেখানে যেখানে পদে পদে ছিলো মৃত্যুফাদ, আবার কখনো মরুদ্যান যেখানে তার জন্য জমা ছিলো ভালোবাসা আর হাতে ছিলো ক্ষমতা। তবে এসব কিছুই সান্তিয়াগোকে দমিয়ে রাখতে পারেনি, একসময় সে মিশরে পৌছে, কিন্তু সায়ান্তিয়াগো কি গুপ্তধনের সন্ধান পেয়েছিলো,
নাকি খালি হাতেই ফিরতে হয়েছে তাকে?
দি আলকেমিস্ট বইটা সত্যিই অসাধারণ একটি বই। আমাকে যদি কেউ আমার পড়া সেরা পাঁচটা বইয়ের লিষ্ট করতে, সেই পাঁচটার মধ্যে এই বইটা অবশ্যই থাকবে। বইটির মূল উপজীব্য বিষয় হলো, জীবনে লক্ষ্য অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। অল্পতেই হাল না ছেড়ে নিজের উপর বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লেখক খুব সাধারণ একটা গল্পকে গভীর জীবনবোধ দিয়ে কী সুক্ষ্মভাবেই অসাধারণ করে তুলেছেন, বইটা না পড়লে বোঝা যাবেনা।
ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর লেখা 'দি আলকেমিস্ট ' বইটি নিউইয়র্ক টাইমস এর বেস্টসেলার বই, বিশ্বের প্রায় ৭৬ টা ভাষায় এই বইয়ের অনুবাদ করা হয়েছে । এই বইটা অনেক আগে থেকেই পড়ার ইচ্ছা ছিলো, কিন্তু কয়েক বছর আগে বইটার একটা বাংলা অনুবাদ হাতে নিয়ে চরম বিরক্তি নিয়েই না পড়ে রেখে দিয়েছিলাম, সেই তুলনায় তুলনায় ফুয়াদ আল ফিদাহ'র এই অনুবাদটা সত্যিই বেশ আরামে পড়েছি। খুব সম্ভবত এই বইয়ের বাংলা অনুবাদের জন্য এই বইটাই বেষ্ট।
আর ইংরেজি বইটাও কিছুদিন হলো শেষ করেছি, বাংলার থেকে ইংরেজিটাই পড়তে সহজ লেগেছে। যারা এখনো বইটা পড়েন নি, অবশ্যই অবশ্যই পড়ে ফেলুন। কারণ,
দর্শন, সূক্ষ্ণ জীবনবোধ আর লক্ষ্য অর্জনের প্রেরণা মিলিত হয়েছে যে বইয়ের পাতায়। তারই নাম দি আলকেমিস্ট।
বই: দি আলকেমিস্ট
লেখক: পাওলো কোয়েলহো
অনুবাদ: মোঃ ফুয়াদ আল ফিদাহ

إرسال تعليق